দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

‘চলো যাই যুদ্ধে—মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে লালকার্ড প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। সভাপতিত্ব করেন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনসহ শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রতীকীভাবে লালকার্ড প্রদর্শন করে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদ ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেয়।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক ও বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি করলেই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।

এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ সাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতিকে লালকার্ড দেখিয়ে দৃঢ়ভাবে এসবের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’

তিনি শিক্ষার্থীদের সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষার্থীরা শপথ নেয়—তারা মাদক গ্রহণ করবে না, বাল্যবিবাহকে সমর্থন করবে না এবং সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সচেতনভাবে ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর