
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে ১৬ আগস্ট ২০২৬: পথশিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, তাদের সঙ্গে মানবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং সমাজের মূলধারার সঙ্গে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ‘Light of Hope’ শীর্ষক একটি মানবিক কার্যক্রম।
ইয়ুথ এইড সোসাইটি ও ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল পথশিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি তাদের সঙ্গে একটি ইতিবাচক ও মানবিক সম্পর্ক গড়ে তোলা এবং ধীরে ধীরে তাদের সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার পথ তৈরি করা।
আয়োজকরা মনে করেন, পথশিশুদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে শুধু এককালীন সহায়তা নয়; প্রয়োজন নিয়মিত যোগাযোগ, ভালোবাসা, যত্ন, দিকনির্দেশনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
দিনব্যাপী এ আয়োজনে পথশিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিশুদের আনন্দের জন্য বিভিন্ন খেলাধুলা ও মজার আয়োজনের পাশাপাশি তাদের জন্য মেহেদি পরানোর ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকে তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থাও করা হয়। শিশুদের সঙ্গে আয়োজকদের আন্তরিক সময় কাটানো, গল্প করা ও আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ.এস.এম. সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন, ফেনী জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাকিব হোসাইন হাজারী, শিশু অধিকার কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
প্রধান অতিথি ডা. এ.এস.এম. সোহরাব আল হোসাইন পথশিশুদের উদ্দেশে বলেন, “শুধু খেলাধুলা করলেই হবে না; খেলাধুলার পাশাপাশি তোমাদের পড়াশোনাও করতে হবে। নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে এবং একদিন তোমাদেরই দেশের হাল ধরতে হবে।”
বিশেষ অতিথি শিশু অধিকার কর্মকর্তা মো. রাকিব হোসাইন হাজারী বলেন, “আজকের এই ছিন্নমূল ও পথশিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। যথাযথ যত্ন, সুযোগ ও দিকনির্দেশনা পেলে তারাই একদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারে এবং দেশের হাল ধরতে পারে।”
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, “আমি আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি আশা করি, তারা তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে এবং যে মহৎ উদ্দেশ্য নিয়ে ‘Light of Hope’ শুরু করেছে, তা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে।”
আয়োজকদের পক্ষ থেকে ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেলের সাধারণ সম্পাদক এবং ইয়ুথ এইড সোসাইটির যুব প্রশিক্ষক মোহাম্মদ আরফান হোসেন বলেন, “আমাদের এই কার্যক্রম এখানেই শেষ নয়; বরং এটি একটি ধারাবাহিক উদ্যোগ। আমরা সামনে আরও পরিকল্পিতভাবে পথশিশুদের সঙ্গে কাজ করতে চাই এবং তাদের সঙ্গে আরও গভীর ও ইতিবাচক সংযোগ তৈরির জন্য নতুন নতুন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করছি।”
তিনি আরও বলেন, “আমাদের এই আয়োজনে সরকারি মহলের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর থেকে সহযোগিতার প্রয়াস পাওয়া গেছে। আমরা তাদের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব এবং আরও বৃহৎ পরিসরে পথশিশুদের জন্য কাজ করার চেষ্টা করব।”
আয়োজকরা জানান, ‘Light of Hope’ কোনো একদিনের আনন্দ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। পথশিশুদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ তৈরি, তাদের আস্থা অর্জন এবং ধীরে ধীরে সমাজের মূলধারার সঙ্গে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়া হবে।
আয়োজকদের মতে, পথশিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, তরুণ সমাজ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে তাদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করা সম্ভব।
‘Light of Hope’ সেই সম্মিলিত প্রচেষ্টারই একটি ছোট কিন্তু অর্থবহ পদক্ষেপ—যেখানে একটি সুন্দর দিনকে কেন্দ্র করে পথশিশুদের আগামী দিনের জন্য আরও বড় স্বপ্ন দেখানোর চেষ্টা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...