• ঢাকা দেশজুড়ে
  • ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার – হেলপারের মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার – হেলপারের মৃত্যু

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে একটি তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা – খুলনা মহাসড়কে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ট্রাকের ড্রাইভার মো. ইদ্রিস আলী (৩০) এবং হেলপার মো. ফয়সাল খান (২৫)। জানা গেছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়ার পথে একটি তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় আছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর