• খুলনা দেশজুড়ে
  • ​বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা জোরদারে তদারকি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

​বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা জোরদারে তদারকি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল স্থলবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কার্যক্রম তদারকির (মনিটরিং) লক্ষ্যে গঠিত কমিটি ও সাব-কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মঙ্গলবার(২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল স্থলবন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জনাব মো. শামীম হোসেন, উপ-পরিচালক (ট্রাফিক), বেনাপোল স্থলবন্দর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ফজলে ওয়াহিদ।

সভায় বক্তারা বন্দরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে:
*​বন্দরের পণ্য ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা।
*​তদারকি কমিটির নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার করা।
*​বিভিন্ন সাব-কমিটির কাজের সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করা।
*​যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কঠোর নজরদারি বজায় রাখা।
*পাসপোর্ট যাত্রীদের প্রতি সদয় আচরণ ও সেবা সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করা

অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,বিজিবি,পুলিশ,নিরাপত্তা বাহিনী(আনসার) এবং তদারকি কমিটির সদস্যবৃন্দ এবং বন্দরের সাথে সংশ্লিষ্ট ব্যাবসায়ীবৃন্দ ও বিভিন্ন দুরপাল্লা পরিবহণ ও ‘রেন্ট এ কার’র ম্যানেজার/ মালিক,মানিচেঞ্জারের স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বন্দরের সার্বিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের বাণিজ্য গতিশীল রাখতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

অপরদিকে,নিরাপত্তা বৈঠক শেষে ঐ একই স্থানে বেলা ২টার দিকে বেনাপোল স্থলবন্দরে যাত্রী হয়রানি ও প্রতারণা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ বৈঠকটিতেও সভাপতিত্ব করেন বন্দর পরিচালক মো.শামীম হোসেন।

বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি ও প্রতারণা বন্ধ এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় বক্তারা বলেন, দেশের প্রধান এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক যাতায়াত করেন। কিন্তু একটি অসাধু চক্রের কারণে প্রায়ই যাত্রীদের নানাভাবে হয়রানি ও প্রতারণার শিকার হতে হয়। এসব কর্মকাণ্ড বন্দরের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।

আসন্ন দিনগুলোতে যাত্রীদের সেবা প্রাপ্তি সহজতর করা এবং দালালের দৌরাত্ম্য নির্মূল করতে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
​সভায় বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, পুলিশ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা যাত্রীসেবার মানোন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

যাত্রীসেবা নিশ্চিত করতে বৈঠকে ইউএনও বলেন,ইতোপূর্বে জেলা প্রশাসক সম্মেলন সহ বিভিন্ন পর্যায়ে বিষয়টি উত্থাপন করা হয়েছে। তিনি বলেন: ​”পৌরসভা ও বন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিতে একজন ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট নিয়োগের কোনো বিকল্প নেই। এর ফলে সার্বক্ষণিক নজরদারি সম্ভব হবে এবং জনভোগান্তি কমবে।”