শেরপুরে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদ মিছিল : ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ , ৬ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াত নেতা জাহিদ হাসানের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।

সমাবেশ থেকে হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যথায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি এবং নালিতাবাড়ী শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

গতকাল রোববার (৫ জুলাই) বিকেলে নালিতাবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে শহরের মার্কাজ মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির হেলাল উদ্দীন। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হাসিবুল হাসান হাসিব, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি শামছুল আলম সওদাগর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি আহসান কবির এবং জামায়াত নেতা আবু ফাররাহ মাস্টারসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাঁদের দাবি, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর হামলা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তাঁরা।

সমাবেশে বক্তারা আরও বলেন, নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাই পণ্য প্রবেশ করছে, যা প্রশাসনের অজানা নয়। জাহিদ হাসানের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে ওসির পদত্যাগ দাবি এবং নালিতাবাড়ী শহর অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।

এদিকে হামলার ঘটনায় রোববার বিকেলে জাহিদ হাসানের বাবা নুরুল আমীন নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া এলাকায় হামলার শিকার হন জাহিদ হাসান।

তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারের দাবি, রাতে বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি তাঁর গতিরোধ করে।

পরে তাঁর মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। অচেতন অবস্থায় তাঁকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

মন্তব্য লিখুন

আরও খবর