সাপাহারে পানি নিষ্কাশন ও জমি নিয়ে বিরোধ, ইউপি ও থানায় অভিযোগ

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ , ২২ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নওগাঁর সাপাহারে পানি নিষ্কাশন, জমি বণ্টন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নাজমিন খাতুন নামে এক নারী ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ করেছেন। অভিযোগে মোঃ মোকছেদুল ইসলাম ও মোঃ মোকলেছুর রহমানের বিরুদ্ধে পানি নিষ্কাশনজনিত সমস্যা সৃষ্টি, বাড়ির পাশে গরুর সেট নির্মাণ এবং সর্বশেষ পানি নিষ্কাশনের রাস্তা মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিরন্টি ইউনিয়নের কুচিন্দা চকপাড়া গ্রামের বাসিন্দা নাজমিন খাতুন বাবার সম্পত্তিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বাবার মৃত্যুর পর সম্পত্তি অংশ অনুযায়ী বণ্টন না হওয়ায় প্রতিপক্ষদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, প্রতিপক্ষরা বাড়ির চারপাশ দিয়ে পানি নিষ্কাশন করায় ঘরের দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া জানালার পাশে গরুর সেট নির্মাণ করায় দুর্গন্ধ ও চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এসব সমস্যার সুষ্ঠু সমাধান চেয়ে গত ১১ মে ২০২৬ তারিখে নাজমিন খাতুন শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের পরও সমস্যার সমাধান না হওয়ায় পরবর্তীতে তিনি ১৯ আগস্ট সাপাহার থানায় অভিযোগ করেন বলে জানা গেছে।

থানায় দেওয়া অভিযোগে নাজমিন দাবি করেন, গত ১৯ আগস্ট দুপুরে মোঃ মোকলেছুর রহমান তার বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশনের রাস্তা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেন। এতে বাধা দিলে তাকে ও তার স্বামীকে গালিগালাজ, ভয়ভীতি এবং মারধরের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে হাতে কোদাল নিয়ে ধাওয়া করা হলে তিনি আত্মরক্ষার্থে সরে যান বলে অভিযোগে উল্লেখ করেন।

নাজমিন খাতুন ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, “এ বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে বসে জায়গা-জমি মাপযোগের মাধ্যমে সমাধানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছিল। কিন্তু পরবর্তীতে মোকলেছুর পক্ষ পরিষদকে না জানিয়ে পানি নিষ্কাশনের রাস্তা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দিয়েছে।

এতে ওই সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরে নাজমিন থানায় অভিযোগ করেছেন। আমরা চাই, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে একটি সুষ্ঠু সমাধান করা হোক। যাতে উভয় পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।”

মন্তব্য লিখুন

আরও খবর