• ঢাকা শীর্ষ সংবাদ
  • হত্যাচেষ্টা মামলার এজাহারে ৮ নম্বর আসামি টিপু আলম, তদন্ত কর্মকর্তার অব্যাহতির আবেদনে প্রশ্ন

হত্যাচেষ্টা মামলার এজাহারে ৮ নম্বর আসামি টিপু আলম, তদন্ত কর্মকর্তার অব্যাহতির আবেদনে প্রশ্ন

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারে ৮ নম্বর আসামি হিসেবে নাম থাকা বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনে অব্যাহতির সুপারিশ করায় নতুন করে প্রশ্ন উঠেছে।

মামলার নথি অনুযায়ী, গত ২১ নভেম্বর ২০২৪ রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় (মামলা নং-১২, জিআর-২৩৪/২৪) টিপু আলম মিলনের নাম এজাহারের ৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ১৬ জুলাই ২০২৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে সিএমএম আদালতের সামনে হামলার ঘটনায় অনিক কুমার দাস গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দণ্ডবিধির ৩২৬, ৩০৭, ১৪৭, ১৪৯, ১২০-বিসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা এসআই কে এম আবদুল হক গত ২২ জুন ২০২৬ আদালতে দাখিল করা একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), সাক্ষ্য-প্রমাণ এবং অন্যান্য তথ্য পর্যালোচনায় টিপু আলম এ-র বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ কারণেই তাকে সাময়িক অব্যাহতির আবেদন করা হয়।

এদিকে, অভিযোগকারীর দাবি, একই মামলার অন্য আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান থাকলেও টিপু আলম মিলনের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার এই সুপারিশ রহস্যজনক। তার অভিযোগ, মামলার মূল এজাহারে নাম থাকা সত্ত্বেও তাকে অব্যাহতির উদ্যোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে টিপু আলমের বিরুদ্ধে পৃথকভাবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগও জমা পড়েছে। অভিযোগকারী এসব বিষয়েও স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

আইনজ্ঞদের মতে, অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদন নয়। আদালত তদন্ত কর্মকর্তার মতামত গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন এবং প্রয়োজন হলে পুনঃতদন্ত বা অধিকতর তদন্তের নির্দেশও দিতে পারেন।

মন্তব্য লিখুন

আরও খবর