• অপরাধ খুলনা
  • বেনাপোলে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী গ্রেফতার

বেনাপোলে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। আজ ৫ আগস্ট ২০২৬ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​পাচারকারী কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে মো. ফারুক (৩০)। যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করে দরগাহ ফিলিং স্টেশন এর সামনে হতে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল এবং নগদ ১,৬৫৫ টাকা জব্দ করা হয়েছে।

আসামী ফারুকের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর