পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ জন

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পানছড়ি উপজেলা ও আশপাশের দুর্গম এলাকার প্রায় ৬০০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ চিকিৎসাসেবা নিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন।

চিকিৎসকদের পরীক্ষায় ছানি রোগীদের শনাক্ত করে তাদের পৃথক তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এসব রোগীর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন উপকারভোগী বলেন, দুর্গম এলাকায় এ ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

চিকিৎসাসেবা শেষে অংশগ্রহণকারী রোগীদের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর