শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ, শিগগিরই মোবাইল কোর্ট

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

আজহার হোসেন,মানিকগঞ্জঃ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো দোকান বা বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। এ নিষেধাজ্ঞা অমান্য করা দণ্ডনীয় অপরাধ। আইন বাস্তবায়নে খুব শিগগিরই মানিকগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায়’ এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯ জনকে মোট ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অধিকতর সংশোধনের লক্ষ্যে ২০২৬ সালের ৯১ নম্বর আইন প্রণীত হয়েছে।

সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা হতে পারে। এর আগে এ জরিমানার পরিমাণ ছিল ৩০০ টাকা।

জেলা প্রশাসক ও টাস্কফোর্স কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ-আল-আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হাবীব, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মীর মো. জসীম উদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলমসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

মন্তব্য লিখুন

আরও খবর