গুইমারায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে ভবনটির উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত ভবনটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা। ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি।

দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষা অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউদ্দিন আহমদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মসকাতুল তামান্নাসহ স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর