চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোরাই গরু উদ্ধারের’ মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

রোববার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গুলজার আহমদ বলেন, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার সুনছড়া এলাকা থেকে পুলিশ যোগীবিল এলাকার এক ব্যক্তিকে গরু চুরির অভিযোগে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং তার রিমান্ড চাওয়া হয়েছে।

গুলজার আহমদের দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে হাজীপুর ইউনিয়নের একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি ও ফেক আইডি থেকে ‘তার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার হয়েছে’—এমন তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় ও মানহানি করা হচ্ছে।

তিনি এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে অপপ্রচারকারীদের পোস্ট দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রায় ১০ বছর ধরে দুই মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দীন বলেন, গরু চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ড চাওয়া হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ইউপি সদস্যের বাড়ি থেকে গরু উদ্ধারের কোনো তথ্য পুলিশের কাছে নেই।

মন্তব্য লিখুন

আরও খবর