সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে চারজনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ , ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 days আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও পুরুষ সহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই চারজন এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী।

খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই চারজন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।

মন্তব্য লিখুন

আরও খবর