খাগড়াছড়ি সরকারি কলেজে আরও তিন বিষয়ে মাস্টার্স চালুর উদ্যোগ

প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ , ৫ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ছবি- সময়ের আবর্তন।

উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে খাগড়াছড়ি সরকারি কলেজে মাস্টার্স পর্যায়ে আরও তিনটি বিষয়ে পাঠদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়গুলো হলো—ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি। এসব বিষয়ে মাস্টার্সের প্রথম ও শেষ পর্ব চালুর লক্ষ্যে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত রোববার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে দেশের বিভিন্ন সরকারি কলেজে স্নাতক (পাস), অনার্স ও মাস্টার্স পর্যায়ে নতুন বিষয় চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সরকারি কলেজের জন্য মাস্টার্স (প্রথম ও শেষ পর্ব) পর্যায়ে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিষয় উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিষয়গুলো চালু হলে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের জেলার বাইরে না গিয়ে মাস্টার্স পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

তবে মন্ত্রণালয়ের চিঠিতে বিষয়গুলো চালুর ক্ষেত্রে সরাসরি ক্লাস শুরুর সময়সীমা উল্লেখ করা হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার উপসচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর