ছেলে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করলো বাবাকে

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ , ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুরের শিবচর উপজেলায় ছেলের হাতে বাবা খুন,এমন একটি নৃশংস ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মতি মিয়া (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা।

কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তাঁর পরিবার। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রোববার রাত আনুমানিক ১২টার দিকে মতি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর ছেলে ফারুক মিয়া (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে, ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক।

এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর