ঝিনাইগাতীতে ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ , ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মাদক কারবারী ফারুক আহমেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

গ্রেফতারকৃতরা হলো, ঝিনাইগাতী থানার শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারী ফারুক আহমেদ (৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নূরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওই এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল (২৪)। এরমধ্যে হৃদয় হাসান শিমুল বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রাতে উত্তর ডাকাবর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় তাদের তল্লাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকোলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।