টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন স্বপন কুমার চাকমা

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- সময়ের আবর্তন।

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়িঃ ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান পদে স্বপন কুমার চাকমাকে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল রোববার (৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তির আওতায় গঠিত ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান পদে খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা স্বপন কুমার চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর