• খুলনা দেশজুড়ে
  • নড়াইলে সেনাবাহিনীর অভিযানে হাইওয়েতে চাঁদাবাজ চক্রের ৯ সদস্য আটক

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে হাইওয়েতে চাঁদাবাজ চক্রের ৯ সদস্য আটক

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ , ৫ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

নড়াইল শহরের প্রবেশমুখে যশোর-নড়াইল মহাসড়কে অবৈধভাবে চাঁদা তোলার সময় সেনাবাহিনী ৯ জনকে আটক করেছে। গতকাল রবিবার (৪ মে) রাত ১১টার পর গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অভিযুক্তরা ‘নড়াইল পৌরসভার নামে’ চাঁদা তুলছিলেন বলে জানা গেছে।

অভিযানে আটককৃতদের কাছ থেকে নগদ ৪৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় একটি স্টান গান, একটি চাকু, চারটি রেজিস্টার, ১০টি ব্যাটারি, দুটি সিগন্যাল লাইট, দুটি হ্যান্ড লাইট, তিনটি রেইনকোট, তিনটি ছাতা, ১৩০টি ‘মুরি বই’, একটি মাল্টিপ্লাগ, তিনটি সিল, একটি অফিস প্যাড, ছয়টি সিগন্যাল ভেস্ট ও পাঁচটি ফ্ল্যাগ স্ট্যান্ড।

আটককৃতরা হলেন—মিল্টন (৪০), হাসান আলী (৩২), এস এম ইখতিয়ার (৩৭),মহিদুল ইসলাম (৪৫),হাবিবুল্লাহ (২৭),রুবেল শেখ (২৯),হেলাল (২৪), উদয় হোসেন (১৭), এবং হাবিব (৩২)। সকলেই নড়াইল জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের নড়াইল সদর থানায় হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই মহাসড়কে পৌরসভার নাম ব্যবহার করে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছিল।

সেনাবাহিনীর হস্তক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।