পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি ড. হিলালী

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি নষ্ট কিংবা কোনো পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হিলালী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজার উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। কোথাও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমাকে এবং প্রশাসনকে জানাতে হবে।

আপনাদের জানাতে দেরি হবে দেখবেন কিন্তু আমার এ্যাকশান নিতে দেরি করবো না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার,কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দিরের সভাপতি সুবীর কুমার পোদ্দার, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকনসহ আরও অনেকেই।

সভায় উপজেলা বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর