ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ , ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন

আবুল হাসনাত তুহিন ফেনী:- চম্পকনগর সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বাংলাদেশ (৪বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর চম্পকনগর বিওপির টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় পরিচালিত অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ রোধে তাদের নিয়মিত টহল, আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।