ভিক্ষুকসহ ত্রিশালে ৯ জনের মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ) : আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ দিন আজ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৫২ নম্বর ময়মনসিংহ-৭ সংসদীয় আসনে এক ভিক্ষুকসহ মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত মনোনয়ন দাখিল ও গ্রহণ সংক্রান্ত ছক অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। তালিকায় পেশায় ভিক্ষুক একজন প্রার্থীর নাম থাকায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

মনোনয়ন দাখিলকারী দলীয় প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ডা. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. ইব্রাহীম খলিল উল্লাহ, খেলাফত মজলিস থেকে মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আব্দুল কুদ্দুস এবং জাতীয় পার্টি থেকে মো. জহিরুল ইসলাম।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত, মো. জয়নাল আবেদীন ও আলোচিত ভিক্ষুক প্রার্থী মুনসুর ফকির।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে মুনসুর ফকির নামে একজন ভিক্ষুক প্রার্থী থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্ধারিত সময় শেষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। যাচাই শেষে আপিল ও প্রার্থীতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল রায়হান  বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে ত্রিশালে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, উপজেলায় মোট ১২ জন মনোনয়ন গ্রহণ করলেও বিএনপির মো. জয়নাল আবেদীন ও মো. শহিদুল আমিন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এটিএম মাহবুব উল আলম মনোনয়ন দাখিল করেননি।

মন্তব্য লিখুন