• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় জাককানইবি’র সাবেক শিক্ষার্থী সানজিদ হোসাইন পলিংয়ের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় জাককানইবি’র সাবেক শিক্ষার্থী সানজিদ হোসাইন পলিংয়ের মৃত্যু

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালের সন্তান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সানজিদ হোসাইন পলিং (২০১৫-১৬ শিক্ষাবর্ষ, ১০ম ব্যাচ) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদের কাছাকাছি এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে তিনি মারা যান।

নিহত পলিং ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী খারহর গ্রামের দেলোয়ার হোসেন বাবুলের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ভাই, এক বোন এবং দুই কন্যাসন্তান রেখে গেছেন।

ত্রিশাল ফায়ার স্টেশনের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পলিংকে উদ্ধার করা হয়। তার ঠোঁট ও নাকে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের চাচা আনোয়ার হোসেন বকুল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর নিজ গ্রাম অলহরী খারহরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি ফায়ার সার্ভিসের হেফাজতে রয়েছে।”

এদিকে, পলিংয়ের মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ গভীর শোক প্রকাশ করেছে। বিভাগের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

পলিংয়ের অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

মন্তব্য লিখুন

আরও খবর