নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোণা : বৃষ্টিকে উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের ফৌজদারি ব্রিজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজেদুল ফারাস সেন্টুসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতি চিরঅম্লান হয়ে থাকবে।

মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তাঁদের আত্মত্যাগ জাতিকে সবসময় অনুপ্রাণিত করবে।

পরে জেলা পাবলিক হলে জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব জেলা প্রশাসক
খন্দকার মুশফিকুর রহমান।

অন্যদিকে, কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

তিনি বলেন, “জুলাই শহীদদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও প্রত্যাশা বাস্তবায়নের পথে আমরা আরও একধাপ এগিয়ে যেতে পারব।

এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনা জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর