• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • ত্রিশাল পৌরসভা থেকেই শুরু হবে ‘নজরুল সিটি’ বাস্তবায়ন: নাগরিক মতবিনিময়ে এমপি লিটন

ত্রিশাল পৌরসভা থেকেই শুরু হবে ‘নজরুল সিটি’ বাস্তবায়ন: নাগরিক মতবিনিময়ে এমপি লিটন

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ , ১১ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভাকে কেন্দ্র করেই ‘নজরুল সিটি’ বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান (লিটন)। তিনি বলেন, পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ত্রিশাল পৌরসভা আয়োজিত ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম বিষয়ে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভার প্রশাসক আরাফাত সিদ্দিকী। এতে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক মেয়র ও কাউন্সিলর, ব্যবসায়ী, ইজারাদার, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “নজরুল সিটির কার্যক্রম ত্রিশাল পৌরসভা থেকেই শুরু হবে। পৌরসভাকে আধুনিকায়নের পাশাপাশি নাগরিক সেবার মান বৃদ্ধি করতে যা যা প্রয়োজন, সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। এ কাজে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রশাসকের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমে সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বক্তারা ত্রিশাল পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সঙ্গে নাগরিকদের মতামত গ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তারা এমন উদ্যোগ গ্রহণ করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক আরাফাত সিদ্দিকী বলেন, “ত্রিশাল পৌরসভা জনগণের করের অর্থেই পরিচালিত হয় এবং সেই অর্থ জনগণের সেবায় ব্যয় করা হচ্ছে। তাই নাগরিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

মন্তব্য লিখুন

আরও খবর