নবীনগরের মাটিতে এত বড় সমাবেশ কখনও হয়নি”—সায়েদুল হক সাঈদ

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ , ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর, বুধবার বিকেলে নবীনগর হাই স্কুল মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ সমাবেশে জনস্রোতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব তকদীর হোসেন মোঃ জসিম, উপদেষ্টা—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সদস্য—জাতীয় নির্বাহী কমিটি। তিনি বলেন, “রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আজ ভেঙে পড়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে ফিরে আসবে।” তিনি আরও বলেন, “এ আন্দোলন কেবল বিএনপির নয়, এটি দেশকে বাঁচানোর আন্দোলন।”

সমাবেশে সবচেয়ে জোরালো বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ। তিনি বলেন,“১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-মামলা, নির্যাতন, হয়রানি চলছে। তবুও আমরা মাঠ ছাড়িনি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,“বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মনোনয়ন দিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে তা যেকোনো সময় রদবদল হতে পারে। বিএনপি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয়।”

সমাবেশস্থল দেখে তিনি আরও বলেন,“নবীনগরের মাটিতে এত বড় সমাবেশ হয়নি কখনও। আজকের এই উপস্থিতি প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়।”

তিনি অভিযোগ করে বলেন,“বর্তমান সরকার দেশে বিরোধীদলকে দমনে ব্যস্ত। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। কিন্তু আন্দোলন থামানো যাবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ে রাস্তায় থাকব।”

সমাবেশে বক্তব্য রাখেন আরও অনেকে—
সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, উপদেষ্টা—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সদস্য—জাতীয় নির্বাহী কমিটি;
কাজী নাজমুল হোসেন তাপস, অর্থনীতি বিষয়ক সম্পাদক—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি;
কে এম মামুন অর রশিদ, সদস্য—জেলা বিএনপি ও সহ-সাধারণ সম্পাদক—কেন্দ্রীয় কৃষক দল;
এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু, সাবেক সদস্য—জেলা বিএনপির আহবায়ক কমিটি ও সাবেক সহ-সাধারণ সম্পাদক—জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি;
নাজমুল করিম, সদস্য—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক—নবীনগর উপজেলা বিএনপি।বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতি দমন করতে হলে ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” তারা অভিযোগ করেন, সরকারের দমন-পীড়ন, গুম-খুন, মিথ্যা মামলা ও মত প্রকাশের স্বাধীনতা হরণের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ভয়াবহ হয়ে উঠেছে।

সমাবেশে নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থা এবং দুর্নীতির প্রশ্নে সরকারের ব্যর্থতাও তুলে ধরেন। তারা বলেন, “বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন—গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের নিরাপত্তা। তারেক রহমানের ৩১ দফায় সেই রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।”

মাঠে ছিল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতি। ব্যানার, ফেস্টুন, স্লোগান আর ঢাকঢোলের শব্দে সমাবেশ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশ শেষে জেলা ও কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন—৩১ দফা বাস্তবায়নের আন্দোলন আরও জোরদার করা হবে এবং গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চলবে।

আয়োজনে: নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

মন্তব্য লিখুন

আরও খবর