• চট্রগ্রাম দেশজুড়ে
  • ইসিতে আপিলে খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান

ইসিতে আপিলে খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সমীরণ দেওয়ান জানান, মনোনয়নপত্র দাখিলের সময় কিছু কারিগরি ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাখ্যা উপস্থাপন করে ইসিতে আপিল করলে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

এর আগে একই আসনে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা। সোনা রতন চাকমার ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় কয়েকজন ভোটারের নম্বর অসম্পূর্ণ থাকায় এবং দীনময় রোয়াজার ক্ষেত্রে ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল হয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি ২০২৬) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি জেলায় ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়।

এতে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বর্তমানে মোট ১০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে আসনটিতে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন ভোটাররা।