ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , ১০ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ধলাই নদী থেকে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি, কবরস্থান, ফসলি জমি ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টায় কমলগঞ্জ পৌর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উত্তর আলেপুর, চণ্ডীপুর ও দক্ষিণ কুমড়াকাপন গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্ধারিত ইজারাভুক্ত ঘাটের বাইরে ইসলামপুরের মখাবিল থেকে রহিমপুরের চৈত্রঘাট পর্যন্ত প্রায় ১০০টি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

এতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ, কাঁচা-পাকা সড়ক, বসতবাড়ি, কবরস্থান ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে এবং সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় কয়েকজনকে প্রাণনাশ ও গাড়িচাপা দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

তারা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধ, অবৈধ ড্রেজার অপসারণ, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, নদীর তীর সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে ইজারাদারদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ সংস্কারের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর