পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্পে ৫০০ রোগী পেল চিকিৎসা সেবা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৫০০ চক্ষুরোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পেয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) লস্কর ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক সুস্মিতা মন্ডল তন্নী, তপন কুমার, আরাফাত হোসেনসহ হাসপাতালের স্টাফরা দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেন।

ক্যাম্পে রোগীদের চোখের ছানি, চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। এছাড়া প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে বাছাই করা ছানি রোগীদের লেন্স সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচারের জন্যও নির্বাচন করা হয়।

এ সময় লস্কর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, পরমানন্দ কুমার সানা, মোফাজ্জল, রফিকুল ইসলাম, টিএম হাসানুজ্জামান, মহিলা মেম্বার মর্জিনা খাতুন, অঞ্জলি রানী ঢালীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পেয়ে এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন।

তারা এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য চিকিৎসক দল ও লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য লিখুন

আরও খবর