
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি কমিশনকে কার্যকর করা এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন খাগড়াছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, চাঁদাবাজি বন্ধ, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেলে খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল পক্ষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শুধু একজন ব্যক্তি বা একটি পক্ষের শান্তি চাওয়ায় হবে না, সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিকভাবে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরকারের আরও কার্যকর সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা ভূমি সমস্যা। ভূমি বিরোধকে কেন্দ্র করেই বিভিন্ন সময় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ও সংঘাত সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিরসনে ভূমি কমিশনকে কার্যকর করা এবং প্রয়োজন হলে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ আয়োজনের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো মূলত রাজনৈতিক প্রকৃতির। তাই রাজনৈতিক প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে এসব সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান তারা।
সভায় অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি যুবসমাজের মধ্যে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা কামনা করেন।
এ সময় ২৫০ শয্যাবিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের নতুন ভবনের অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিও উত্থাপন করা হয়।
প্রথাগত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলেন, পাহাড়ে জন্ম, মৃত্যু, বিয়ে ও সামাজিক বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে হেডম্যান ও কার্বারীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাদের সুযোগ-সুবিধা ও সম্মানী ভাতা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। তারা নিয়মিত ভাতা প্রদান ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান। সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের পক্ষ থেকে একটি ভবন নির্মাণের দাবিও জানানো হয়।
সভায় খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সভাপতি ম্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা আবদুল মজিদ, সমাজকর্মী ধীমান খীসা, সমাজকর্মী রবি শংকর তালুকদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আশা প্রিয় ত্রিপুরা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ বক্তব্য দেন।
সভা শেষে জেলার ১৫ সদস্যবিশিষ্ট একটি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব করা হলে উপস্থিত বিশিষ্টজনেরা এতে সম্মতি জানান
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত