যুবসমাজ জাতির প্রধান শক্তি: জিরুনা ত্রিপুরা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, “যুবসমাজ যেকোনো জাতির প্রধান শক্তি। তাদের মেধা, উৎসাহ ও নেতৃত্ব আমাদের ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে।”

তিনি আরও বলেন, “পাহাড়ি অঞ্চলে শিক্ষা এবং সচেতনতার প্রসারে যুবসমাজের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। ‘যুব ঞিংঞামোহ্ আফোই’ যে মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করছে, তা শুধু প্রজন্ম নয়, গোটা সমাজের উন্নয়নে অবদান রাখবে।”

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির বুলিপাড়ায় অনুষ্ঠিত ‘যুব ঞিংঞামোহ্ আফোই’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) সকালে “উপযুক্ত জ্ঞান, আলোকিত সমাজ, সুশৃঙ্খল পরিবেশ” স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখতে গিয়ে জিরুনা ত্রিপুরা স্থানীয় যুব ও নারী উন্নয়ন কার্যক্রমে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “নারী উন্নয়নের জন্য স্থানীয় মহিলা সমিতিকে সেলাই মেশিন এবং ‘যুব ঞিংঞামোহ্ আফোই’ সংগঠনকে একটি ল্যাপটপ প্রদানের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও জানান, “আগামী অর্থবছরে সংগঠনটির আবেদনের প্রেক্ষিতে একটি স্থায়ী অফিস ভবন নির্মাণ করা হবে। আমি কথার মানুষ, যা বলি, তা পালন করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘যুব ঞিংঞামোহ্ আফোই’-এর সভাপতি মংক্যথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল বুডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা ও সাথোয়াইপ্রু চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা এবং মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইন।

বিশেষ অতিথিরা বলেন, “সঠিক সুযোগ সৃষ্টি করলে স্থানীয় যুবসমাজ আন্তর্জাতিক অঙ্গনেও স্থান করে নিতে পারে। সমাজ গঠনে যুবসমাজের উদ্যোগ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।” এ আয়োজন স্থানীয় পাড়াবাসীর মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং যুবসমাজের উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানের একাংশে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান এবং বয়োজ্যেষ্ঠ বৃদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।