৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন, ফেনী: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে ফেনী জেলা পুলিশ।

এ ঘটনায় অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) ফেনী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা এলাকার বাসিন্দা মো. বেলাল (৩৪)কে কেন্দ্র করে এ অপহরণের ঘটনা ঘটে। ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা তাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে।ভুক্তভোগীর স্বজনেরা বিষয়টি জানতে পেরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসির) সার্বিক সহযোগিতায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী পৌর এলাকার একটি স্থান থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয় এবং অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩২), ফিরোজ (৪২), আলাউদ্দিন (৩০) ও মো. রনি (২৮)। অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, অপহরণকারীরা ভুক্তভোগীকে আটকে রেখে তার স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দ্রুত যোগাযোগ এবং পুলিশের তাৎক্ষণিক অভিযানের ফলে অপহৃত যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর